মেট্রো স্টেশনে বোমাতঙ্ক: ব্যাগে মিলল পানের সঙ্গে জর্দার কৌটা

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উদ্ধার করা দুটি সন্দেহজনক ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক মেলেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার দুপুর ১২টার দিকে সন্দেহজনক ব্যাগের উপস্থিতি টের পেয়ে নিরাপত্তা স্বার্থে স্টেশন দুটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তল্লাশি অভিযান শেষে বেলা ১টা ৪০ মিনিটে আবার তা খুলে দেওয়া হয়। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, মিরপুর-১০ স্টেশনে পড়ে থাকা ব্যাগটি প্রথমে এক্স-রে করা হলে ভেতরে কৌটাসদৃশ বস্তুর সন্ধান মেলে। পরে সাবধানে ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখা যায়, তার ভেতর একটি জর্দার কৌটা ও পান রাখা ছিল। সেখানে কোনো ক্ষতিকর বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি।
একইভাবে ফার্মগেট এলাকা থেকে পাওয়া পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করেছে বোম ডিসপোজাল ইউনিট। সেখানেও বিপজ্জনক কিছুই পাওয়া যায়নি। এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ডিএমপি জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।