মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক নারী ও এক শিশু প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে পৃথক দুটি আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে। এতে স্থানীয় এলাকা ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার ববি (৩৪) কাপড় ধোয়া শেষে পদ্মা নদীতে নামেন এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যান। পরবর্তীতে দুপুর ১২টার দিকে স্বজনরা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিহিতা স্থানীয় কৃষক ও গবাদিপশু পালনকারী শরিফ শিকদারের স্ত্রী। স্বজনদের ধারণা, মানসিক ও শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে একটি পুকুরে ডুবে আরিফা নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। সে আওলাদ শেখের মেয়ে। পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার প্রাণহানি ঘটে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলোতে অপমৃত্যুর মামলা করা হবে। পরিবারগুলোর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।