জাতীয়

মুক্তিযুদ্ধ কোনো দলের একক যুদ্ধ ছিল না: হাফিজ উদ্দিন

৮ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধ কোনো দলের একক যুদ্ধ ছিল না: হাফিজ উদ্দিন
মুক্তিযুদ্ধ কোনো দলের একক সংগ্রাম ছিল না মন্তব্য করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন।

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক যুদ্ধ ছিল না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জানান, ১৯৭১ সালের সংগ্রাম ছিল মূলত গণমানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার লড়াই। শুক্রবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার পর ক্ষমতায় আসা অনেকেই যুদ্ধের আসল ইতিহাস তুলে ধরেননি। ফলে বহু বীরত্বগাথা আজও উপেক্ষিত রয়ে গেছে। কেবল কয়েকটি ভাষণের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে—এমন ধারণা তৈরির চেষ্টা করা হলেও বাস্তবে সাধারণ তরুণ ও সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমেই এটি অর্জিত হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, দেশে যেন আর কখনোই স্বৈরাচারী শাসন ফিরে না আসে এবং ভুল হলে জনগণ তা গণতান্ত্রিকভাবেই সংশোধন করবে।

ইতিহাসের প্রেক্ষাপট টেনে হাফিজ উদ্দিন বলেন, ১৯৭০ সালের নির্বাচনের জনরায় অস্বীকার করার কারণেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। ১৯৭১ সালের মার্চে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের বিদ্রোহ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রায় ৫ হাজার সৈনিকের আহ্বানে সাড়া দিয়ে ৮০ হাজার তরুণ মুক্তিযুদ্ধে যোগ দেন এবং পরবর্তীতে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছায়। এ ছাড়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার অবদানও স্মরণ করেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেজর এ মতিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এ ছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধহাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতিইতিহাস