মিশিগানে সেনেট প্রাইমারিতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সেনেট প্রাথমিক নির্বাচনে প্রগতিশীল প্রার্থী আবদুল এল-সায়েদ ও কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা চলছে। স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত ৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা যায়, সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ ৪৯.৫ শতাংশ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী স্টিভেন্স পেয়েছেন ৪৫.৭৮ শতাংশ ভোট। ফলাফল নির্ধারণে ভোট গণনা সারাদিন গড়াতে পারে বলে জানা গেছে।
ডেমোক্রেটিক পার্টির মূলধারা ও প্রগতিশীল অংশের মধ্যে এই লড়াইকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এই আসনের জয়ী প্রার্থী আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রতিনিধি মাইক রজার্সের মুখোমুখি হবেন। রজার্স রিপাবলিকান প্রাইমারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থী অবসর নিতে যাওয়া ডেমোক্রেটিক সেনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে নামবেন।
একই সঙ্গে মিশিগানের গভর্নর পদের জন্য ডেমোক্রেটিক মনোনয়ন পেয়েছেন জোসলিন বেনসন। তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট রিপাবলিকান প্রার্থী জন জেমসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে মিসৌরিতে প্রগতিশীল প্রার্থী কোরি বুশকে হারিয়ে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছেন ওয়েসলি বেল। ওয়াশিংটন ও ক্যানসাস অঙ্গরাজ্যের বিভিন্ন আসনেও প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।