মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪৫

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং দলটির এক কর্মীও রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক জহির হাওলাদার (৫৪) ও সংগঠনটির কর্মী ইবনে আল সেলিম (৩২)। এ ছাড়া বিভিন্ন বয়সের আরও ৪৩ জনকে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।