অর্থনীতি

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির উদ্যোগ বাংলাদেশের

২ আগস্ট ২০২৬
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির উদ্যোগ বাংলাদেশের
দেশের গ্যাসসংকট নিরসনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, যাতে ইতিবাচক সায় দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

দেশের চলমান গ্যাসসংকট কাটাতে এবার প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার পর মিয়ানমারের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে সাক্ষাৎ করলে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

বৈঠকে পূর্বে আলোচিত মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন নির্মাণের বিষয়ে নতুন করে আলোচনা শুরুর আগ্রহ জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবেও জ্বালানি সরবরাহের সম্ভাব্যতা পর্যালোচনার কথা জানান। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীও এ সম্ভাবনায় সায় দেন।

দ্বিপক্ষীয় এই আলোচনাকে বেগবান করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশে সফরের আনুষ্ঠানিক নিমন্ত্রণ জানাবেন এবং প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে যাবেন বলে জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময়ে আলোচিত চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর প্রসঙ্গের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জাতীয় পাইপলাইন স্থাপন হলে তা সার্বিক সহযোগিতায় সহায়ক ভূমিকা রাখবে।

জ্বালানি সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনের ওপর জোর দেন মিয়ানমারের রাষ্ট্রদূত। বৈঠকে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

গ্যাস আমদানিমিয়ানমারজ্বালানি সংকটইকবাল হাসান মাহমুদপাইপলাইন