জাতীয়

মালদ্বীপে স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

৩১ জুলাই ২০২৬
মালদ্বীপে স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে
মালদ্বীপের রাজধানী মালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে শেখ ফরিদ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মালদ্বীপের রাজধানী মালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে শেখ ফরিদ (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত নশা মিয়ার ছেলে শেখ ফরিদ। তিনি দুই সন্তানের জনক এবং মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের খালাতো ভাই। পরিবারের কল্যাণে মাত্র দুই বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে গিয়েছিলেন তিনি।

গত শুক্রবার হঠাৎ স্ট্রোক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মৃত্যু হয়। খবর পেয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ স্থানীয় প্রবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দেশের বাড়িতে খবর পৌঁছাতেই সোনাগাজীর হাজিপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মালদ্বীপপ্রবাসীমৃত্যুস্ট্রোকফেনী