জাতীয়

মাদারীপুরে দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, ১৩ বছরের কিশোরের মৃত্যু

৫ আগস্ট ২০২৬
মাদারীপুরে দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, ১৩ বছরের কিশোরের মৃত্যু
মাদারীপুরের ডাসারে একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ১৩ বছরের এক কিশোর শ্রমিক নিহত ও দোকানমালিক আহত হয়েছেন।

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে নজরুল ইসলাম (১৩) নামের এক কিশোর শ্রমিক প্রাণ হারিয়েছে। এ ঘটনায় রবিউল মাতুব্বর নামে ওই দোকানের মালিক আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে দোকানটিতে কাজ করছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন আচমকা ভেতরে রাখা একটি কেমিক্যালের ড্রাম বিকট শব্দে ফেটে যায়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় নজরুল ও দোকানমালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক কিশোর নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত দোকানমালিক বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণও খতিয়ে দেখা হচ্ছে।

মাদারীপুরড্রাম বিস্ফোরণকিশোর নিহতডাসার