মধ্য আফ্রিকায় সোনার খনি ধসে নিহত ১০০-র বেশি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলের জামবয়ে গ্রামে একটি সোনার খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় এ পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। কামেরুন সীমান্তের কাছে এবং বাবৌয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটিতে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাটির একটি বড় অংশ খনিশ্রমিকদের ওপর ধসে পড়ে তাঁদের ঢেকে ফেলে।
রেড ক্রসের স্বেচ্ছাসেবী জেরভাইস গানাগোরো এবং স্থানীয় খনি সমিতির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একাধিক ভূগর্ভস্থ সুরঙ্গ ভেঙে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে থাকা সেড্রিক এমবাঙ্গো নামে এক শ্রমিক জানান, পুরো মাটি আচমকা ধসে পড়ে মানুষকে মাটিচাপা দিয়েছে।
উদ্ধারকর্মীরা মাটি সরিয়ে জীবিতদের সন্ধান ও মরদেহ উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। খনিতে আটকা পড়াদের মধ্যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও কামেরুনের নাগরিকেরা রয়েছেন। কামেরুনের পূর্বাঞ্চলীয় গভর্নর গ্রিকোয়ার এমভঙ্গো জানান, নিহতদের মধ্যে অন্তত ৩ জন তাঁদের দেশের নাগরিক।
বর্তমানে দুর্ঘটনাস্থলে ট্রাক্টরসহ ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তবে স্থানীয় যুব পরিষদের প্রতিনিধি বার্ট্রান্ড বে ইয়াঙ্গু জানিয়েছেন, এই ভারী যন্ত্রের ব্যবহারের ফলে মাটির নিচে যদি কেউ জীবিত থেকেও থাকেন, তবে তাঁদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে আর কতজন আটকা পড়ে আছেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।