ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন তানভীর ইমামকে আদালতে হাজির করে তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, তানভীর ইমামের বিরুদ্ধে ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলির নির্দেশ প্রদান ও আর্থিক সহায়তা করার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তানভীর ইমামকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় ১৪ জুলাই তাঁকে গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনরতদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর ভুক্তভোগী জব্বার আলী হাওলাদার বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।