ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বিকেলে সচিবালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া এবং সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হবে। ইতিমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেজ তৈরি করা হয়েছে এবং বাকি ৩০ হাজার সদস্যকে দ্রুত প্রস্তুত করা হবে। তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও সভায় আলোচিত হয়।
সভায় জাতীয় টাস্কফোর্স গঠন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা দুর্যোগকালীন জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও অধ্যাপক এম এ মুহিতসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।