ভারতে ইতিহাস গড়ল স্পাইডার-ম্যান, ভাঙল অ্যাভেঞ্জার্সের রেকর্ড

ভারতে বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখেছে সোনি পিকচার্সের 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'। 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-কে পেছনে ফেলে ভারতীয় প্রেক্ষাগৃহে যেকোনো বিদেশি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে মার্ভেলের এই সুপারহিরো ছবি। মুক্তির প্রথম দিন বৃহস্পতিবারেই প্রায় ১০ লাখ দর্শক সিনেমা হলে গেছেন, আর কেবল প্রথম দিনেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৭২.৪৪ কোটি রুপি (৭.৬ মিলিয়ন ডলার)।
দেশজুড়ে ১৭,২৫০টি পর্দায় প্রদর্শিত হওয়া সিনেমাটি চার দিনের বর্ধিত উইকএন্ডে মোট ৩২৮.৫ কোটি রুপি (৩৪.৪ মিলিয়ন ডলার) আয় করেছে। দেশের সর্ববৃহৎ সিনেমা চেইন পিভিআর আইনোক্সে এটি ১৩৫ কোটি রুপির বেশি ব্যবসা এনে দেয়, যেখানে গড়ে ৬০ শতাংশ আসন পূর্ণ করে প্রায় ৩০ লাখ দর্শক ছবি উপভোগ করেছেন। মাত্র চার দিনেই ভারতে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হলিউড ছবির তালিকায় স্থান করে নিয়েছে স্পাইডার-ম্যানের নতুন এই কিস্তি। এটি এখন 'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' (৪৮৪.৩৬ কোটি রুপি) এবং 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' (৪৪২.৩ কোটি রুপি)-এর অল-টাইম রেকর্ডের দিকে এগোচ্ছে।
মেট্রোপলিটন শহরের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সারির শহরেও ছবিটির ব্যাপক চাহিদা দেখা গেছে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি দেওয়ায় এর প্রসার আরও বাড়ে। প্রায় ৮,০০০ শো জুড়ে মূল ইংরেজি সংস্করণে ৫৫ শতাংশ আসন পূর্ণ হলেও, ৭,০০০ শোর হিন্দি সংস্করণে ৯৫ শতাংশের অবিশ্বাস্য উপস্থিতি রেকর্ড করা হয়। এ ছাড়া তেলুগু ও তামিল ডাবিং সংস্করণও আয়ে বড় অবদান রেখেছে। মেট্রো শহরগুলোর মধ্যে সর্বোচ্চ ২৩ শতাংশ আয় এসেছে বেঙ্গালুরু থেকে, এরপর হায়দরাবাদে ১৭, মুম্বাইতে ১৫ এবং দিল্লিতে ১৪ শতাংশ ব্যবসা হয়েছে।
পিভিআর আইনোক্স লিমিটেডের রাজস্ব ও অপারেশনস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম দত্ত জানান, সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সত্যিই অসাধারণ, যা বড় পর্দায় বিশ্বমানের সিনেমার আবেদনকে পুনরায় প্রমাণ করে। সব অঞ্চলের দর্শকদের ব্যাপক অংশগ্রহণ, অগ্রিম টিকিট বিক্রি এবং একাধিকবার সিনেমা দেখতে আসার প্রবণতা ছবিটির এই ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করেছে।