জাতীয়

ভারত সফরের আমন্ত্রণ পেলে ইতিবাচক বিবেচনা করবে সরকার: উপদেষ্টা

১৫ আগস্ট ২০২৬
ভারত সফরের আমন্ত্রণ পেলে ইতিবাচক বিবেচনা করবে সরকার: উপদেষ্টা
প্রধানমন্ত্রীর ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলে সরকার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তবে এই মুহূর্তে সফরের দিনক্ষণ কিংবা সময়সূচি চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সিলেটের ওসমানীনগরের খাদিমপুর বাজার এলাকায় প্রবাসীদের অর্থায়নে নির্মিতব্য এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য খাতে বিনিয়োগকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করে দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন তিনি।

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি কোনো একক দেশের সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকট। ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই এমন সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে জ্বালানির বহুমুখীকরণ, মজুত বাড়ানো এবং ঘাটতি কমানোর উপায় খুঁজতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

প্রধানমন্ত্রীর সফরহুমায়ুন কবিরভারত সফরজ্বালানি সংকট