বৈদ্যুতিক শক্ দেওয়ার গ্লাভস পাচ্ছেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাদের কর্মকর্তাদের সুরক্ষায় বৈদ্যুতিক শক্ দিতে সক্ষম বিশেষ গ্লাভস কেনার পরিকল্পনা করছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) নথিমতে, 'গ্লাভ' নামের এই ডিভাইস কিনতে প্রায় ২ কোটি মার্কিন ডলার খরচ করা হতে পারে। এসব গ্লাভসে সর্বোচ্চ ৩৮০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত করা সম্ভব, যা আমেরিকার সাধারণ বাসা-বাড়ির সংযোগের চেয়ে প্রায় তিন গুণ বেশি।
কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি নামের একটি প্রতিষ্ঠান এই সরঞ্জাম তৈরি করছে। এটি চালু করতে একটি বোতাম টিপতে হয় এবং প্রতি সেকেন্ডে ৩০টি স্পন্দন তৈরি করতে পারে। প্রচলিত টেজারের মতো এটি চামড়া ভেদ করে শরীরে প্রবেশ করে না, বরং ত্বকে স্পর্শ করার সাথে সাথে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে ব্যক্তিকে মানিয়ে নিতে বাধ্য করে। তবে প্রতিষ্ঠানের ব্যবহারবিধিতে প্রবীণ, শিশু, গর্ভবতী নারী ও গুরুতর প্রতিবন্ধীদের ওপর এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইসিই-এর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের মতে, এর আগেও অভিবাসন অভিযানে অতিরিক্ত বলপ্রয়োগ ও গুলিবর্ষণে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ধরনের গোপনীয় ডিভাইস ব্যবহারের ফলে জবাবদিহিতা আরও কমবে এবং সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়বে।