বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স মেয়াদ দ্বিগুণ, ২০২৬ থেকে কার্যকর

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ২ বছর করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নিয়ম ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। ২ বছরের লাইসেন্স ফি এবং ভ্যাট একসাথে সরকারি কোষাগারে জমা দিয়ে HSM ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র আবশ্যিকভাবে নিতে হবে।
যেসব প্রতিষ্ঠান নারকোটিক বা মাদকদ্রব্য ব্যবহার করে, তাদের নতুন লাইসেন্স পাওয়ার পর অবশ্যই নারকোটিক লাইসেন্স সংগ্রহ করতে হবে। পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।
অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। পরিদর্শনে কোনো অনিয়ম বা ব্যত্যয় পাওয়া গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।