বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর এমবাপ্পের নতুন সোনালী বুট

২০২৬ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য সীমিত সংস্করণের বিশেষ বুট এনেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। 'নাইকি মারকিউরিয়াল সুপারফ্লাই ১১' নামের এই বুটে ব্যবহার করা হয়েছে সোনালী, সাদা ও পুদিনা পাতার (মিন্ট) রঙ। ১৮৮৪ সালে ফ্রান্সের যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেওয়ার স্মৃতি স্মরণে ফরাসি জাতীয় দলের ২০২৬ সালের অ্যাওয়ে কিটের রঙের সঙ্গে মিল রেখে এটি নকশা করা হয়েছে।
প্রিমিয়াম টেক্সচারের এই বুটটিতে নাইকির বিশেষ 'ফ্লাইওয়েভ আল্ট্রা' মেটেরিয়াল, 'এয়ার জুম' কুশনিং এবং 'জুমএক্স' ফোম ব্যবহার করা হয়েছে। বুটের ভেতরের সোলে ২৭ বছর বয়সী এমবাপ্পের সই ও 'কেএম' আদ্যক্ষর খোদাই করা রয়েছে। পাশাপাশি নিচের অংশে লেখা রয়েছে 'হাংরি ফর মোর' বাক্যটি। এটি নাইকির সঙ্গে এমবাপ্পের ১২তম সিগনেচার বুট অবমুক্তকরণ।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৬-২৭ লা লিগা মৌসুমে ইতোমধ্যে নতুন বুট পায়ে মাঠে নেমেছেন এমবাপ্পে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ১০টি গোল করে গোল্ডেন বুট জিতেন এই ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২২টি, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। ২১টি গোল নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের যাত্রা সেমিফাইনালে থামে, যেখানে তারা চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায়। পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে পরাজিত হয় ফরাসিরা। নাইকির ওয়েবসাইটে পুরুষদের ৪ থেকে ১৩ সাইজে এই বিশেষ বুট এবং এমবাপ্পে সিরিজের ফুটবল কিনতে পাওয়া যাচ্ছে।