খেলা

বিশ্বকাপ বিক্রি বাতিলে স্বস্তি, ফিফাকে সতর্ক করল এএফসি

১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের বাণিজ্যিক অংশ বিক্রির পরিকল্পনা থেকে ফিফা সরে আসায় সন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দিয়েছে এএফসি।

বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য একটি নতুন ইউনিট গঠনের পরিকল্পনা করেছিল ফিফা। ওই নতুন ইউনিটের প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থার। তবে প্রবল সমালোচনার মুখে এই বাণিজ্যিক পরিকল্পনা থেকে ফিফা সরে আসায় সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

প্রস্তাবটি সামনে আসার পর থেকেই এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশন তীব্র প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ ছিল, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। প্রাথমিক বিরোধিতার সময় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ফিফার এই পদক্ষেপ নেওয়ার ধরনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছিলেন।

চারপাশের বিরোধিতা ও মতামত অনুধাবন করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরিকল্পনাটি বাতিলের কথা জানান। এর পরপরই এএফসি সভাপতি এক চিঠিতে উল্লেখ করেন, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করে যৌথ আলোচনা ও নির্ধারিত কাঠামোর প্রতি শ্রদ্ধার ওপর। ভবিষ্যতে ফুটবলে প্রভাব ফেলে—এমন যেকোনো উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ফিফাবিশ্বকাপএএফসিফুটবল