বিশ্বকাপ ফাইনাল আগে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি

বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড়কে একটি বিশেষ উপহার দিয়েছিলেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এই উপহারের কথা সামনে নিয়ে এসেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কেলসি-রোজ একটি বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগটিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং ‘মার্কোস সেনেসি’ নামটি বড় করে লেখা ছিল। তিনি জানান, এটি মেসি দলের সব খেলোয়াড়কে দেওয়া পারসোনালাইজড মাতে পানের সেট।
ব্যাগের ভেতরে ছিল সোনালি রঙের একটি স্ট্যানলি থার্মোস, যার ওপর মেসির ব্র্যান্ডের লোগো রয়েছে। এ ছাড়া সেটে ছিল একটি মাতে পাত্র, ইয়েরবা মাতে পাতার প্যাকেট এবং একটি ধাতব স্ট্র বা বোম্বিয়া। কেলসি-রোজ বলেন, মার্কোস নিরাপদে রাখতে এই সেটটি তাঁর কাছে দিয়েছিলেন।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেলসি-রোজ ভিডিওতে উপহারটির বিস্তারিত দেখিয়েছেন এবং এটি মার্কোসের টুর্নামেন্ট থেকে পাওয়া একটি বিশেষ স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন।