বিমসটেক সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ: প্রশ্ন এড়ালেন জয়সোয়াল
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে নিমন্ত্রণপত্রে 'প্রধানমন্ত্রী' পদের বদলে 'বিমসটেকের চেয়ার' উল্লেখ করা সংক্রান্ত প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাওয়া হলে জয়সোয়াল বলেন, শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। আমন্ত্রণপত্র ও কারিগরি হালনাগাদ সংক্রান্ত যেকোনো তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
অন্য এক প্রশ্নে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের ৩ দিনের বাংলাদেশ সফর নিয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র জানান, সফরের বিষয়টি ঢাকা ও ওয়াশিংটনের অভ্যন্তরীণ এক্তিয়ারভুক্ত। এছাড়া ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠকের বিষয়ে তাঁর কাছে বর্তমানে কোনো তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন।