বিপিএএমইএর নির্বাচন ১ আগস্ট, সভাপতি পদে দুই প্রার্থী
বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। সভাপতি পদে দুজন এবং চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি পরিচালক পদে ভোট দেবেন সদস্যরা।
বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। সংগঠন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন পরিচালক নির্বাচিত করতেও সদস্যরা ভোট দেবেন। এরই মধ্যে সংগঠনের ৬ জন সহসভাপতি ও ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন বোর্ডের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঐক্য পরিষদের প্যানেল লিডার মো. শাহরিয়ার। অন্যদিকে, ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।