অর্থনীতি

বিপিএএমইএ নির্বাচন স্থগিত, ঐক্য পরিষদের ক্ষোভ

২৮ জুলাই ২০২৬
বিপিএএমইএ নির্বাচন স্থগিত, ঐক্য পরিষদের ক্ষোভ
অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বিপিএএমইএ-র নির্বাচন স্থগিত করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে ঐক্য পরিষদ।

নির্বাচনের মাত্র তিন দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে। একটি পক্ষের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য সংগঠন-২ শাখার সিনিয়র সহকারী সচিব আশরাফুল সিদ্দিকের সই করা এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে জানানো হয়েছে, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ২০ ধারা অনুযায়ী অভিযোগকারীকে এফবিসিসিআইয়ের আব্রিট্রেশন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ দায়ের না করলে এই স্থগিতাদেশ কার্যকর হবে না।

এদিকে নির্বাচনে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদের ৬ সহ-সভাপতি ও ১৫ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী শনিবার সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের ৫ পরিচালক পদে ভোটগ্রহণের কথা ছিল। সভাপতি পদে ঐক্য পরিষদের নেতা ও আদজি ট্রিমসের এমডি মো. শাহরিয়ারের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের এমডি জামিল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ৭ জুলাই জামিল আহমেদ ও পরিচালক মোহাম্মদ বেলাল বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে অনিয়মের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, বিধিমালা অনুযায়ী পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনকারীরা এক মেয়াদ নির্বাচন করতে পারেন না। তবুও শাহরিয়ার ও মো. মনিরুজ্জামান মোল্লাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া ঋণখেলাপিদেরও প্রার্থী তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। এর আগে আপিল বোর্ড এই অভিযোগ খারিজ করে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল।

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঐক্য পরিষদের প্যানেল লিডার মো. শাহরিয়ার। তিনি বলেন, সংকটময় সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে চাইলেও একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, শুনানিতে অভিযুক্তদের কাউকেই ডাকা হয়নি এবং তাদের মতামত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আইনজীবীদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

বিপিএএমইএনির্বাচন স্থগিতবাণিজ্য মন্ত্রণালয়ঐক্য পরিষদঅনিয়মের অভিযোগ