বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

দক্ষিণ এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সংস্থাটির সাধারণ কংগ্রেসে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচনী নিয়ম মেনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে পঞ্চমবারের মতো সাফের সর্বোচ্চ পদে আসীন হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই প্রধান।
নতুন মেয়াদে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত সাফের দায়িত্বে থাকবেন ৭২ বছর বয়সী সালাউদ্দিন। ২০০৯ সালে প্রথমবার সাফের শীর্ষ পদে বসার পর থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে ২০২২ সালের নির্বাচনেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। গত বছর সাফের গঠনতন্ত্র থেকে বয়সের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলে বাফুফের পদ ছাড়ার পরও সাফে তাঁর নেতৃত্ব ধরে রাখার সুযোগ তৈরি হয়।
শনিবারের কংগ্রেসে সাফের সহসভাপতি হিসেবে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লেব্বে এবং নারী নির্বাহী সদস্য পদে ভুটানের জিমবিরি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফ ও মালদ্বীপের হুসাইন শফিউ।
পুনর্নির্বাচিত হওয়ার পর সালাউদ্দিন সদস্যদেশগুলোর সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। তাঁর আমলে পুরুষ ও নারী ফুটবলে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়েছে উল্লেখ করে সামনে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।