আন্তর্জাতিক

বার্লিনে ভিড়ে গাড়ি ও ছুরি হামলা চালানো সন্দেহভাজন গুলিতে নিহত

২৬ জুলাই ২০২৬
বার্লিনে ভিড়ে গাড়ি ও ছুরি হামলা চালানো সন্দেহভাজন গুলিতে নিহত
বার্লিনের প্রাইড মিছিলে গাড়ি ও ছুরি হামলা চালিয়ে ১ জনকে হত্যা ও ২৯ জনকে আহত করা সন্দেহভাজন তরুণকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

জার্মানির রাজধানী বার্লিনের প্রাইড শোভাযাত্রায় গাড়ি ও ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত এক তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে। স্পানদাউ এলাকায় পুলিশের ওপর ছুরি নিয়ে চড়াও হলে ২১ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গুলি করা হয়। আব্দুল বালুত নামের ওই যুবক লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। এর আগে শনিবার রাতে টিয়ারগার্টেন পার্কের কাছে প্রাইড শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের ভিড়ে একটি সাদা ভ্যান চালিয়ে দেওয়া হয়। এতে এক নারী নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। পরে ছুরি দিয়েও কয়েকজনকে আঘাত করা হয়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডোব্রিন্ড রোববার জানান, সংগৃহীত তথ্য-প্রমাণ ইঙ্গিত করছে এটি একটি "ইসলামপন্থী সন্ত্রাসী হামলা"। ২১ বছর বয়সী ওই হামলাকারীর বিরুদ্ধে আগে থেকেই চরমপন্থার সঙ্গে যুক্ত থাকা এবং বিভিন্ন অপরাধের রেকর্ড ছিল। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের মে মাসে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীতে যোগ দেওয়ার উদ্দেশ্যে লেবাননে যান এবং সেখানে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। পরে জার্মানিতে ফিরে তিনি গ্রেপ্তার হন এবং চলতি বছরের মে মাসে তাকে ১ বছর ১০ মাসের স্থগিত কারাদণ্ড দিয়ে নজরদারিতে রাখা হয়েছিল।

হামলার পর দেশটিতে নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে চরমপন্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে রোববার বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে প্রাইড উদযাপনে অংশ নেওয়া ব্যক্তিরা এক সংক্ষিপ্ত নীরবতা পালন কর্মসূচি আয়োজন করেন। সেখান থেকে তারা সব ধরনের চরমপন্থার নিন্দা জানানোর পাশাপাশি সরকারের সাম্প্রতিক বাজেট ছাঁটাইয়ের সমালোচনা করেন।

বার্লিনজার্মানিসন্ত্রাসী হামলাপ্রাইড শোভাযাত্রা