খেলা

বাবাকে হারানোর পর মেসির প্রথম গোল, ম্যাচে লাল কার্ড পেলেন সুলিভান

২০ আগস্ট ২০২৬
বাবার প্রয়াণের পর নিজের প্রথম গোল পেয়েছেন মেসি, ফিলাডেলফিয়ার সঙ্গে ইন্টার মায়ামির ২–২ গোলের ড্রয়ের রাতে লাল কার্ড দেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান।

পিতা হোর্হে মেসির প্রয়াণের পর মাঠে নেমে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ অসুস্থতার পর গত ৮ আগস্ট মেসির বাবা মারা যান। এরপর এটি ছিল আর্জেন্টাইন এই কিংবদন্তির তৃতীয় ম্যাচ। ফিলাডেলফিয়ার সুবারু পার্কে স্বাগতিকদের বিপক্ষে ইন্টার মায়ামির ২–২ গোলে ড্র করার দিনে প্রথমার্ধের ২৬ মিনিটে চোখধাঁধানো এক গোল করেন মেসি। এর আগে ম্যাচের ২১ মিনিটে ড্যানিয়েল পিন্টারের করা মায়ামির প্রথম গোলেও অবদান ছিল তাঁর।

গোল করার পর আকাশের দিকে হাত তুলে প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন এই ফরোয়ার্ড। ফিলাডেলফিয়ার হয়ে ম্যাচে ১১ মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভ এবং ৫৮ মিনিটে নিল পিয়ের গোল করেন। এছাড়া ভিএআরের কারণে স্বাগতিকদের একটি গোল বাতিল হয়। এ নিয়ে চলতি মেজর লিগ সকারে (এমএলএস) ১৩টি গোল করলেন মেসি, যা তাঁকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে তুলে এনেছে। ১টি গোল বেশি করে শীর্ষে আছেন এফসি ডালাসের পেতার মুসা। বর্তমানে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ইন্টার মায়ামি।

ম্যাচের শেষ দিকে উত্তেজনাকর মুহূর্তে লাল কার্ড দেখতে হয়েছে ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভানকে। ১২ মিনিটের যোগ করা সময়ে সুলিভানের ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যকার বাদানুবাদ থেকে মাঠে হাতাহাতির সূত্রপাত হয়। এর জের ধরে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। ফলে আগামী ২২ আগস্টের ম্যাচে মাঠে নামতে পারবেন না এই তরুণ ফুটবলার।

মেসিইন্টার মায়ামিকাভান সুলিভানএমএলএস