বাদাখশানে বিস্ফোরণে মেয়র নিহত, দুই সপ্তাহে দ্বিতীয় তালেবান কর্মকর্তা খুন

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মেয়র হাবিব উর রহমান মনসুর গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে হামলার ধরন বা কারা এর পেছনে জড়িত, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও মেয়রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তিনি পরিচয় প্রকাশ করতে চান না। এটি গত দুই সপ্তাহে বাদাখশান অঞ্চলে হামলার লক্ষ্যবস্তু হয়ে নিহত হওয়া তালেবান প্রশাসনের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা।
মেয়র হাবিব উর রহমান নিহত হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে একই প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জাবিহুল্লাহ আমিরিকে গুলি করে হত্যা করা হয়েছিল। স্থানীয় এক এলাকা থেকে ফয়জাবাদে যাওয়ার পথে বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তারক্ষীদের প্রতিহত গুলিতে একজন হামলাকারী নিহত ও অন্যজন আটক হন। তবে এই দুটি হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে। ওই দিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর দ্রুত দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে তালেবান কর্মকর্তাদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি নিহত হন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন। এর আগে ২০২৩ সালের জুনে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছিল। ডেপুটি গভর্নরের স্মরণসভায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হন। ২০২৩ সালের মার্চে বালখ প্রদেশের গভর্নরও তাঁর কার্যালয়ে বোমা হামলায় নিহত হন।