বাগেরহাটে বসতঘর থেকে মা-ছেলে ও নানির মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতবাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তাঁর মা মনিরা বেগম (৬০) ও নানি রাশিদা বেগম (৯৩)। পুলিশ জানায়, প্রতিটি মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরে পচন ধরেছে।
স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার দুপুরে বাড়ির বারান্দায় বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বাকি দুজনের মরদেহ উদ্ধার করে। মূল রাস্তা থেকে বাড়িটি কিছুটা ভেতরে হওয়ায় এবং চলাচল কম থাকায় বিষয়টি দেরিতে জানাজানি হয়।
ঘটনাটি আনুমানিক দুই থেকে তিন দিন আগের হত্যাকাণ্ড হতে পারে জানিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।