আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে

১ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি স্থায়ী হচ্ছে
বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার ভিসা নীতি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, 'বি১' (ব্যবসা) ও 'বি২' (পর্যটন) ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ভ্রমণ শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের পাইলট প্রকল্পের ইতিবাচক পর্যালোচনার ভিত্তিতে আগামী ৩ আগস্ট থেকে চূড়ান্ত নিয়মটি কার্যকর করা হবে। আগের পাইলট কর্মসূচিতে পাঁচ থেকে ১৫ হাজার ডলার বন্ডের বিধান থাকলেও চূড়ান্ত নিয়মে সর্বনিম্নের ধাপটি বাদ দিয়ে সর্বোচ্চ সীমা ২০ হাজার ডলার করা হয়েছে। কনস্যুলার কর্মকর্তারাই মূল বন্ডের পরিমাণ নির্ধারণের দায়িত্বে থাকবেন।

নির্ধারিত তালিকায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার রাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বেআইনিভাবে অবস্থান রোধ করতেই এই নিয়ম করা হচ্ছে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এতে বৈধ ভ্রমণ নিরুৎসাহিত হবে। অন্যদিকে মানবাধিকারকর্মীরা ট্রাম্পের এই আগ্রাসী নীতিকে পক্ষপাতমূলক বলে সমালোচনা করলেও প্রশাসন এটিকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি মনে করছে।

যুক্তরাষ্ট্রভিসা বন্ডবাংলাদেশট্রাম্প প্রশাসনআমেরিকা ভিসা