বাঁশখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল অবস্থায়। দলটির নেতা-কর্মীরা দাবি করেছেন, গতকাল রাতেই এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী মশাল হাতে নিয়ে মিছিল করছেন। এ সময় তারা নানা স্লোগান দিচ্ছেন। মিছিল শেষে কয়েকজন বক্তব্য রাখেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে একই উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছিলেন।
মশালমিছিলের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেবেন তিনি।