বরিশালে বিভাগীয় পাঠক সমাবেশ, ৫০০-এর বেশি পাঠকের অংশগ্রহণ

বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে ৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ি এবং ৫০০-এর বেশি পাঠক-সদস্য অংশগ্রহণ করেন। এ সময় বর্ণাঢ্য র্যালি, ভ্রাম্যমাণ বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। বরিশাল রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম এবং গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান মো. বেলায়েত হোসেন। প্রধান অতিথি খলিল আহমেদ শিক্ষার্থীদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বই পাঠের মাধ্যমে আলোকিত সমাজ গড়ার আহ্বান জানান।
প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান বলেন, বইপড়া ও সাংস্কৃতিক চর্চায় ব্যস্ত থাকলে তরুণ প্রজন্মের ডিভাইস আসক্তি উল্লেখযোগ্য হারে কমে আসবে। গণগ্রন্থাগারের পরিচালক মোছা. মরিয়ম বেগম জানান, ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে দেশের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া হচ্ছে।
সভাপতি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্ঞান অর্জন করতে এবং তা দেশের কল্যাণে কাজে লাগাতে উদ্বুদ্ধ করেন। বর্তমানে দেশের ৬টি বিভাগের মধ্যে ৪টিতে পাঠক সমাবেশ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।