ফেসবুকে মারধরের ভিডিও দেখেই মামলা দায়ের করলেন বিচারক

বরগুনার বেতাগী উপজেলায় এক কিশোরকে নির্মমভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন। একই সাথে ঘটনাটি তদন্ত করে ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বেতাগী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এই আদেশ জারি করেন। রাতে বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, 'এমকিউ রেজা টু ডট জিরো' নামক আইডিতে পোস্ট করা ভিডিওটি আদালতের নজরে আসে। পর্যালোচনায় জানা যায়, বেতাগী উপজেলার সদর ইউনিয়নের সৃঙ্খলা এলাকার বাসিন্দা খোকনের ছেলে রেজা তার সহপাঠী রাব্বীর ছোট ভাইকে (অগ্যাতনামা) রাজনৈতিক সিনিয়র ও জুনিয়র বিরোধের জেরে মারধর করে। ভিডিওতে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থা স্পষ্টভাবে দেখা যায়।
আদালত মনে করেন, ভিডিওটি জনশৃঙ্খলা নষ্ট ও ভয়ভীতি সৃষ্টি করছে, যা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের আওতায় পড়তে পারে। যদিও অভিযুক্তদের পূর্ণাঙ্গ পরিচয়, ভুক্তভোগীর মেডিকেল সার্টিফিকেট বা সাক্ষীদের পরিচয় এখনো আদালতের জানা নেই, তবুও প্রাথমিক সত্যতা থাকায় মামলা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, আদালতের আদেশ পেয়েছেন এবং নির্দেশনা অনুযায়ী আইনি কার্যক্রম পরিচালনা চলছে।