ফেনী সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, রুখে দিল বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক নারী ও তিন শিশুসহ চারজনকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে। রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির সূত্র জানায়, কেতরাঙ্গা বিওপির দায়িত্বপ্রাপ্ত সীমান্তে এই পুশ ইনের চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবির সদস্যরা এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফল হতে দেয়নি। বিজিবি নিশ্চিত করেছে যে, ঠেলে পাঠানোর চেষ্টা করা চারজনই ভারতীয় নাগরিক।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরও বলেন, ফেনী সীমান্ত দিয়ে কোনো অবৈধ পুশ ইন সহ্য করা হবে না এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।