ফিফার কাছে প্রতিশ্রুত ১০ লাখ ডলার পায়নি যুক্তরাষ্ট্রের ১১ শহর

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ১১টি স্বাগতিক শহরের অসন্তোষ তীব্র হচ্ছে। আয়োজক হিসেবে প্রতিটি শহরকে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো তা পরিশোধ করেনি।
পূর্বে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন, স্বাগতিক শহরগুলোকে 'লিগ্যাসি কন্ট্রিবিউশন' হিসেবে এই অর্থ দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে ছোট ফুটবল মাঠ নির্মাণ ও সামাজিক উন্নয়নমূলক কাজে এই অর্থ ব্যবহারের কথা ছিল। সিয়াটল, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ মোট ১১টি মার্কিন শহর এই বৈশ্বিক আসরের ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে।
স্বাগতিক আয়োজক কমিটির চারজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রতিশ্রুত তহবিল এখনো তাদের কাছে পৌঁছায়নি। কয়েকটি শহর ফিফার কাছে জানতে চেয়েও কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি। টিকিট বিক্রি ও স্পন্সরশিপের সিংহভাগ রাজস্ব ফিফার পকেটে গেলেও স্থানীয় আয়োজনের বড় আর্থিক চাপ গেছে সাধারণ করদাতাদের ওপর। ফলে পাওনা অর্থ না পেয়ে স্বাগতিক শহরগুলোর ক্ষোভ ক্রমাগত বাড়ছে।