প্রযুক্তি

ফাঁস হলো পিক্সেল ১১ সিরিজের দাম ও স্পেসিফিকেশন

১ আগস্ট ২০২৬
ফাঁস হলো পিক্সেল ১১ সিরিজের দাম ও স্পেসিফিকেশন
আগামী ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই ফাঁস হয়েছে গুগলের পিক্সেল ১১ সিরিজের বিভিন্ন মডেলের দাম ও সম্ভাব্য ফিচার।

আসন্ন পিক্সেল ১১ সিরিজের পুরো লাইনআপের সম্ভাব্য তথ্য ও দাম প্রকাশের দাবি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস। আগামী ১২ আগস্টের অনুষ্ঠানকে সামনে রেখে আগে যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল, নতুন তথ্যের সঙ্গে তার পুরোপুরি মিল পাওয়া গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজে দাম বৃদ্ধির পাশাপাশি ক্ষেত্রবিশেষে মেমোরি বা র‌্যাম কমানোর পরিকল্পনা রয়েছে।

নতুন তথ্যে জানা গেছে, মূল পিক্সেল ১১ ফোনটির শুরুর দাম ১০০ ডলার বেড়ে ৮৯৯ ডলার হতে পারে। তবে দাম বাড়লেও এর ভিত্তি মডেলে ১২৮ জিবির বদলে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া ডিভাইসটিতে এবার টেলিফটো লেন্স বাদ দিয়ে কেবল দুটি পেছনের ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পুরো পিক্সেল ১১ সিরিজেই থাকছে নতুন টেনসর জি৬ ও টাইটান এম৩ চিপ। তবে এর ডিসপ্লে আগের প্রজন্মের মতোই অপরিবর্তিত থাকছে।

অন্যদিকে, পিক্সেল ১১ প্রো এবং পিক্সেল ১১ প্রো এক্সএল-এর দাম বেড়ে যথাক্রমে ১,০৯৯ ডলার এবং ১,২৯৯ ডলার হতে পারে। একই সঙ্গে প্রো মডেল দুটির ভিত্তি সংস্করণে র‌্যাম কমিয়ে ১২ জিবি করা হচ্ছে। ভাঁজযোগ্য ফোন পিক্সেল ১১ প্রো ফোল্ডও এই কড়াকড়ি থেকে বাদ পড়েনি; এটিও ১২ জিবি র‌্যাম নিয়ে বাজারে আসবে এবং এর প্রাথমিক দাম নির্ধারণ করা হতে পারে ১,৮৯৯ ডলার। প্রিমিয়াম মডেলগুলোর ক্যামেরা সেটআপ অবশ্য আগের পিক্সেল ১০ সিরিজের মতোই থাকছে।

পিক্সেল ১১গুগলস্মার্টফোনপ্রযুক্তি