জাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জনের মৃত্যু

১৯ আগস্ট ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জনের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

ফরিদপুরের ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও এক পথচারী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন রেলস্টেশন সড়কের হাসানের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ছেলাধরচর সদরদী গ্রামের ইলিয়াসের ছেলে পথচারী হৃদয় শেখ (২৩) এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার বাসিন্দা বাইকচালক সাকিব (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে সাকিব ভাঙ্গা গোলচত্বর থেকে দ্রুতগতিতে রেলস্টেশন সড়কের দিকে যাচ্ছিলেন। ঐ সময় রাস্তা পার হচ্ছিলেন পথচারী হৃদয় মুন্সি। বেপরোয়া গতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় পড়ে যান। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হৃদয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় বাইকচালক সাকিবকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান আজাদ জানান, দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুরসড়ক দুর্ঘটনাভাঙ্গামোটরসাইকেল দুর্ঘটনা