অপরাধ

ফরিদপুরে সৎমা হত্যার পর এবার মাকেও খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

৩১ জুলাই ২০২৬
ফরিদপুরে সৎমা হত্যার পর এবার মাকেও খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার
ফরিদপুরে ৬৫ বছর বয়সী মা সামেলা বেগমকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ছেলে রহিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর পৌরসভার আবদুর রহমান মোল্লাডাঙ্গী এলাকায় নিজ ঘরে সামেলা বেগম (৬৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘটিত এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত নারীর ছোট ছেলে রহিম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সামেলা বেগম ওই এলাকার প্রয়াত মুদি ব্যবসায়ী আকবর শেখের স্ত্রী।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত রহিম পালিয়ে যান। পরবর্তীতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লহরপাড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত নারীর বড় ছেলে শাহিন শেখ বাদী হয়ে ছোট ভাই রহিমকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে সৎমাকে হত্যার অভিযোগেও রহিম গ্রেপ্তার হয়েছিলেন। সেই ঘটনায় ৬ বছর কারাগারে থাকার পর ৪ বছর আগে তিনি জামিনে মুক্তি পান। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার দিকে তিনি কাঠের বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত জানান, নিহতের বড় ছেলের করা মামলার ভিত্তিতে আসামি রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামটি উদ্ধারের জন্য শুক্রবার তাঁকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ।

ফরিদপুরমা হত্যাগ্রেপ্তারপুলিশকোতোয়ালি থানা