জাতীয়

ফরিদপুরে গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, ভূমি কর্মকর্তা বরখাস্ত

২৬ জুলাই ২০২৬
ফরিদপুরে গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, ভূমি কর্মকর্তা বরখাস্ত
ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

পূর্ববর্তী দিন বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই কর্মকর্তাকে অফিস কক্ষে বসেই এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিতে দেখা যায়। ভিডিওতে তিনি টাকা গ্রহণের পাশাপাশি সেবাগ্রহীতার নাম-পরিচয় নোটও করছেন। ভিডিওটিতে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অসদাচরণ ও দুর্নীতির ধারায় তাকে ২৬ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ এবং কর্মকর্তার পূর্ববর্তী ইতিহাস যাচাই করে সত্যতা প্রতীয়মান হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুরঘুষবরখাস্তভূমি অফিসদুর্নীতি