আন্তর্জাতিক

ফরাসি রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘ বৈঠক বয়কট যুক্তরাষ্ট্রের

২৮ জুলাই ২০২৬
ফরাসি রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘ বৈঠক বয়কট যুক্তরাষ্ট্রের
জাতিসংঘে মানবাধিকারবিষয়ক ভোটকে কেন্দ্র করে ফ্রান্সের সমালোচনার প্রতিবাদে নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক থেকে ওয়াকআউট করেছে মার্কিন প্রতিনিধিদল। ইউক্রেন যুদ্ধ নিয়ে আয়োজিত ওই বৈঠকে সোমবার ফরাসি রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। মানবাধিকার ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানকে স্বৈরাচারী দেশগুলোর সঙ্গে তুলনা করায় ফ্রান্সের প্রতি প্রতিবাদ জানিয়ে বৈঠক কক্ষ ত্যাগ করে মার্কিন দল।

কূটনৈতিক এই উত্তেজনার সূত্রপাত গত সপ্তাহে, যখন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের মেয়াদ বাড়ানোর বিপক্ষে উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে এক হয়ে ভোট দেয় যুক্তরাষ্ট্র। ভোটের পর ফ্রান্সের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, যুক্তরাষ্ট্র একসময় মানবাধিকারের বাতিঘর ছিল, কিন্তু এখন আর তা নেই।

ফরাসি মন্তব্যের জবাবে মার্কিন প্রতিনিধি ড্যান নেগ্রিয়া জানান, ফ্রান্স তাদের অবস্থান থেকে সরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র এভাবে প্রতিবাদ জানিয়ে যাবে। তবে ফরাসি প্রতিনিধি টুর্ককে নিরপেক্ষ ও বিবেকের কণ্ঠস্বর হিসেবে ব্যাখ্যা করেছেন। টুর্কের মেয়াদ বাড়ানোর পক্ষে ১৪৪টি দেশ ভোট দিলেও বিপক্ষে ১০টি এবং ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এই ভোটাভুটি এবং তহবিল কাটছাঁটের হুমকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে জাতিসংঘের চলমান টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে।

জাতিসংঘযুক্তরাষ্ট্রফ্রান্সআন্তর্জাতিক রাজনীতিমানবাধিকার