ফকিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শেখ আব্দুল গফফার (৮২) নামে এক বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার রাতে বাগেরহাট-রূপসা পুরাতন মহাসড়কের উপজেলা মোড়-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফফার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতীর বড়ঘাট এলাকার মৃত রঞ্জু মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকায় বসবাস করছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে ফকিরহাট ডাকবাংলার মোড় থেকে হেঁটে নিজ বাড়ির দিকে ফিরছিলেন আব্দুল গফফার। নিউচায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে খুলনা নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ কুমার জানান, মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরবাইক চালকও আঘাত পেয়ে আহত হয়েছেন।