বিনোদন

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ ঠেকানোর মামলা খারিজ

৬ আগস্ট ২০২৬
প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ ঠেকানোর মামলা খারিজ
প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের ১১১ বিলিয়ন ডলারের একীভূতকরণ প্রক্রিয়া বন্ধে গ্রাহকদের করা এক মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে ১১১ বিলিয়ন ডলারের একীভূতকরণ ঠেকাতে গ্রাহকদের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত। বিচারপতি আরাসেিল মার্টিনেজ-ওলগিন জানান, বাদীপক্ষ উপযুক্ত আইনি ভিত্তি এবং অর্থনৈতিক ক্ষতির কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে বাদীদের অভিযোগ সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

মামলাটি দায়ের করেছিলেন প্যারামাউন্ট প্লাসের তিন জন বর্তমান গ্রাহক এবং দুই জন সম্ভাব্য গ্রাহক। বিচারক উল্লেখ করেন, কেবল সিনেমা বা টেলিভিশন দেখার অজুহাতে এই একীভূতকরণ গ্রাহকদের ক্ষতি করবে—এমন দাবি ভিত্তিহীন। অন্যদিকে, একই বিষয়ে ১২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং রাইটার্স গিল্ড অব আমেরিকার দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার বিচারও পরিচালনা করবেন এই বিচারক। সেই মামলার বিচারকাজ শুরু হবে ২০২৭ সালের ২ মার্চ।

এদিকে প্যারামাউন্ট-স্কাইড্যান্সের প্রধান নির্বাহী ডেভিড এলিসন ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত এক কলামে দাবি করেছেন, বাজার দখলের আশঙ্কায় নয়, বরং চুক্তিটি সম্পন্ন হলে সিএনএনের নিয়ন্ত্রণ তার হাতে যাবে বলেই রাজ্য অ্যাটর্নি জেনারেলরা এর বিরোধিতা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এলিসনের সম্পর্কের কারণে হলিউডের একাংশে সিএনএনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হলেও, এলিসন প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সিএনএনকে একটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবেই পরিচালনা করবেন।

প্যারামাউন্টওয়ার্নার ব্রাদার্সমামলা খারিজসিএনএনবিনোদন