পোল্যান্ডে রুশ নাগরিক গ্রেপ্তার: মার্কিন নাগরিককে হত্যার চক্রান্ত নস্যাৎ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে হত্যার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘোষণা দেন। তিনি জানান, গত ৭ আগস্ট পোলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ও পুলিশের সময়োপযোগী পদক্ষেপে শেষ মুহূর্তে হামলাটি বানচাল করা সম্ভব হয়।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ভাষ্যমতে, টার্গেট করা ওই মার্কিন নাগরিক ক্রেমলিনের চোখে অস্বস্তিকর ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন। ন্যাটো জোটের কোনো সদস্য দেশের ভূখণ্ডে রাশিয়ার নির্দেশে মার্কিন নাগরিকের ওপর আক্রমণের চেষ্টা চালানোর ঘটনা এটিই প্রথম। পোলিশ প্রধানমন্ত্রী এই ঘটনাকে একটি অত্যন্ত বিপজ্জনক সংকেত বলে উল্লেখ করেছেন।
পোল্যান্ডের নিরাপত্তা বিষয়কমন্ত্রী তোমাশ সিমোনিয়াক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মার্কিন কর্তৃপক্ষের সাথে যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুরো ইউরোপজুড়ে গোয়েন্দা তৎপরতা ও নাশকতার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।