পুলিশের ওপর সুনির্দিষ্ট হামলার তথ্য নেই: ডিবি প্রধান

পুলিশের যানবাহনে হামলা হতে পারে মর্মে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি। এটি কেবল নিয়মিত নিরাপত্তার অংশ হিসেবে দেওয়া একটি নির্দেশনা বা 'রিমাইন্ডার' বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কথা বলেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে কিছু বোমা উদ্ধার এবং গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে। ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। পুলিশ সদস্য, যানবাহন ও স্থাপনার নিরাপত্তায় পূর্বের নির্দেশনাই পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যাতে মাঠপর্যায়ের কর্মীরা সর্বোচ্চ সতর্ক থাকেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সম্ভাব্য কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য বা সংকেত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে তেমন কিছু নেই। শুধু সতর্কতার মাত্রা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনার বিষয়ে তিনি জানান, সিটিটিসি এই মামলার মূল তদন্ত করছে এবং ডিবি করছে ছায়াতদন্ত। এই ঘটনার পেছনে কোনো বিশেষ সংগঠন বা মতাদর্শের লোক জড়িত থাকতে পারে বলে ধারণা করা হলেও, তদন্ত চলমান থাকায় এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি।