পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে আধুনিক, মানবিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে পরিচালনা করা হবে। দুর্নীতি দমনেও এই সংস্থা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিনি।
নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে। সময়োপযোগী সেবা নিশ্চিত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের অপরাধ প্রতিরোধ ও সাইবার নিরাপত্তায় বিশেষ কারিগরি দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।