পীরগাছায় বাড়িঘরে তাণ্ডব ও গরু লুট, মাংস দিয়ে ভূরিভোজের অভিযোগ

রংপুরের পীরগাছা উপজেলায় জমিজমাসংক্রান্ত শত্রুতার জেরে দিনমজুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার ছাওলা ইউনিয়নের দামুরস্বর গ্রামে রবিবার বেলা ১১টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে। হামলাকারীরা একাধিক বসতঘরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ছয়টি বিদেশি গরু লুট করে নেয়। পরে লুট হওয়া একটি গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ইউনিয়ন পরিষদ সদস্য মুকুল মিয়া এবং আরেক ইউপি সদস্য আইয়ুব হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন ব্যক্তি সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে প্রথম হামলা চালায়। পরিবারের সদস্যরা পালিয়ে গেলে ঘরবাড়ি ভাঙচুর করে সেচ দেওয়ার মোটর, শ্যালো মেশিন, টেলিভিশনসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। এরপর পাশের সৈয়দ আলী, এরশাদ আলী ও রুবেল মিয়ার বাড়িতেও হামলা চালিয়ে আটটি ঘর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ভুক্তভোগীরা জানান, তাণ্ডব চালানোর সময় বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়েছিল, যাতে কেউ বাধা দিতে না পারে। হামলাকারীরা এমনকি রান্নার হাঁড়ি-পাতিল, চাল ও ডালও নিয়ে গেছে। ঘটনার ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, ঘটনার সময় তাঁরা সেখানে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।