রাজনীতি

পাবনার সাঁথিয়ায় বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থান, মিছিল পণ্ড

২৮ জুলাই ২০২৬
পাবনার সাঁথিয়ায় বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থান, মিছিল পণ্ড
পাবনার সাঁথিয়ায় জুমার নামাজে ইমামতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পাল্টাপাল্টি বিক্ষোভের জেরে বিএনপির মিছিল পণ্ড হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনার সাঁথিয়ায় জুমার নামাজে ইমামতি নিয়ে দ্বন্দ্বে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার (২৪ জুলাই) সাঁথিয়ার আফতাবনগর জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে আপত্তি জানালে বিএনপি অনুসারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও কর্মসূচির এক পর্যায়ে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে তিন রাস্তার মোড়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় দুই পক্ষ।

বিএনপি নেতাকর্মীরা জামায়াত এমপির বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক আধিপত্যের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন। এর প্রতিবাদে বিকেলে জামায়াতের কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যায় বিএনপির পাল্টা মিছিল শুরু হওয়ার সময় পাশেই জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা ছড়ায় এবং বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত মিছিল শেষে পথসভায় শেষ করে ফিরে যায়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক দাবি করেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলার জন্য অপেক্ষা করছিল। তবে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির আনিসুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কিছু কর্মী মিছিল বন্ধের দাবি জানায় এবং পুলিশের আহ্বানে তারা সরে আসে। থানার ওসি আনিসুর রহমান জানান, উভয় পক্ষকে শান্ত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক। তবুও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পাবনাবিএনপিজামায়াতসাঁথিয়াউত্তেজনা