পাবনায় গৃহবধূকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে চাঁদা দাবি: গ্রেপ্তার ৩

পাবনা শহরের একটি আবাসিক এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণ, ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৩১ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ জুলাই সকালে অভিযুক্ত যুবকরা অস্ত্রের মুখে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক এলাকার এক ভাড়া বাসায় ঢুকে পড়েন। সেখানে ওই গৃহবধূর মা ও শিশুকে একটি ঘরে আটকে রাখা হয়। এরপর একজন ওই গৃহবধূকে নির্যাতন করেন এবং অন্য দুইজন সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেন। পরবর্তীতে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে তারা স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। গোপন খবর ও আধুনিক প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মাহামুদুল হাসান ওরফে নাছিম (২৩), তারেক রহমান (২২) এবং সাকিব হোসেন (২১)।
পাবনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত ডিজিটাল ডিভাইস এবং টাকা উদ্ধারের আইনি প্রক্রিয়া চলছে।