পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে বাদী দম্পতির ওপর হামলা, একজনের ৩ মাসের কারাদণ্ড

বরগুনার পাথরঘাটায় আদালত চত্বরে হাজিরা দিতে আসা এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলায় জড়িত বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।
আদালত সূত্রে জানা গেছে, একটি মামলার (নম্বর ১৩১/২৬) অভিযুক্ত ব্যক্তির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদী রেখা বেগম ও তাঁর স্বামী মো. মানিক আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। এরপর আদালত ভবন থেকে তারা বের হওয়ার সময় বেল্লাল হোসেনসহ কয়েকজন ব্যক্তি তাঁদের ওপর চড়াও হন।
ঘটনার পরপরই আদালত চত্বরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে বেল্লালকে আটক করেন। পরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও শারীরিক আক্রমণের দায়ে বিচারক শেখ মো. পনির অভিযুক্ত বেল্লাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের স্টেনোগ্রাফার আল মামুন সাজা দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।