পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডবকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন দূত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর কয়েক দিন ধরে ঘেরাও করে রাখায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ফিলিস্তিনিদের ভয় দেখানোর এই চেষ্টাকে তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। সাধারণত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সমর্থনে কথা বলা এই কূটনীতিকের কাছ থেকে এমন কঠোর মন্তব্য বেশ বিরল।
নাবলুসের কাছে কুসরা গ্রামের তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রাখে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। যার মধ্যে একটি বাড়ির মালিক মার্কিন ও ফিলিস্তিনি দ্বৈত নাগরিক। ঘটনার পর থেকে বাড়িগুলোর পানি ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাইক হাকাবি লিখেছেন, একটি পরিবারকে হেনস্তা করতে এই ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত জঘন্য এবং এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত হতে পারে না।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি দখল করতেই ইসরায়েলিরা পাথর ও তাবু দিয়ে তাদের যাতায়াতের পথ আটকে দিয়েছে। চরম পানি ও খাবার সংকটে থাকলেও ঘরবাড়ি হাতছাড়া হওয়ার ভয়ে তারা সরে যেতে রাজি নন। মার্কিন দূতাবাসের অনুরোধে ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনী বসতি স্থাপনকারীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং দুটি অবৈধ চৌকি ভেঙে দেয়।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। বর্তমানে সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির পাশাপাশি ৫ লাখেরও বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বসবাস করছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের অধীনে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ ও জমি দখলের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।