আন্তর্জাতিক

পরীক্ষা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে মোদির টাস্কফোর্স ঘোষণা

২৬ জুলাই ২০২৬
ভারতে পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনায় নন্দন নিলেকানির নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের পরীক্ষাব্যবস্থা সংস্কারের লক্ষ্যে একটি শক্তিশালী টাস্কফোর্স তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তথ্যপ্রযুক্তিবিদ নন্দন নিলেকানি এই কমিটির নেতৃত্ব দেবেন। রবিবার সামাজিক মাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে ভারতের সরকারপ্রধান এ সিদ্ধান্তের কথা জানান।

ভিডিওতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ভারতের পরীক্ষা পদ্ধতিকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ করার পাশাপাশি এখানে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া প্রয়োজন। তিনি আরও জানান, পরীক্ষায় অনিয়মের বিচার দ্রুত শেষ করতে আগেই ফাস্ট-ট্র্যাক আদালত করার সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে সংসদে আইন পাস করার প্রক্রিয়া চলছে।

বর্তমান সমস্যার সমাধানের পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন এই টাস্কফোর্স কাজ করবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা ও কঠোর শাস্তির প্রস্তাব রেখে সোমবার সংসদে একটি বিল উপস্থাপন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

নরেন্দ্র মোদিভারতপরীক্ষা সংস্কারনন্দন নিলেকানিপ্রশ্ন ফাঁস