নেসকোর কার্যালয় সরবে না, রাজশাহীর কিছুই যাবে না: ভূমিমন্ত্রী

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আলোচনার মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট করেছেন, কেবল নেসকো নয়, রাজশাহীর কোনো দপ্তরই অন্যত্র সরিয়ে নিতে দেওয়া হবে না। বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেসকোর কার্যালয় বগুড়ায় নেওয়ার বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলমের চিঠির পর রাজশাহীতে অসন্তোষ ছড়ায়। আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে গত ১৬ জুলাই বিদ্যুৎ বিভাগ থেকে স্থানান্তরের আর্থিক ও প্রশাসনিক প্রভাব পর্যালোচনা করতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠানো হয়েছে।
স্থানান্তরের এই প্রচেষ্টাকে ষড়যন্ত্র উল্লেখ করে মন্ত্রী জানান, ব্যক্তিস্বার্থের চেয়ে জন্মভূমির পাওনা তাঁর কাছে অনেক বড়। বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নিহত সাকিব আঞ্জুম, আলী রায়হান, মিনারুল ও ফিরোজসহ সব শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থানসহ সার্বিক দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।