নেত্রকোনায় ঘরে ঢুকে কৃষককে গলা কেটে হত্যা, প্রতিবেশী পলাতক
নেত্রকোনা সদর উপজেলার দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকায় নিজ ঘরে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মাহফুল মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এই ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল ঘুমিয়ে পড়েন। রাত ১২টা থেকে ভোর পৌনে পাঁচটার মধ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে। ভোরে মাহফুলের মা ছেলের ঘরের দরজা খোলা দেখে টর্চ জ্বালান। বিছানায় ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, নিহত মাহফুল ও প্রতিবেশী শফিকুল ইসলামের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।